যুবদল নেতার সঙ্গে ছাত্রদল নেত্রীর……

ফেনী সদর উপজেলা যুবদল নেতা গিয়াস উদ্দিন মীরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ তুলে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক চুমকি আক্তারের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তার স্বামী মো. আলা উদ্দিন। মামলায় চুমকি আক্তার ছাড়াও তৈয়ব ও গিয়াস উদ্দিন মীরকে আসামি করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(সি) ধারায় আবেদনটি করেন আলা উদ্দিন।

আদালতে দেওয়া আবেদনে বাদী অভিযোগ করেন, স্ত্রী চুমকি আক্তারের চলাফেরা ও বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ নিয়ে প্রশ্ন তোলার পর তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধের জেরে তাকে বিভিন্নভাবে হয়রানি ও মামলায় জড়ানোর চেষ্টা করা হয়েছে বলেও আবেদনে উল্লেখ করেন তিনি।

আবেদনে বলা হয়, গত ২৫ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে বাদীকে তার নিজ বাসার সামনের রাস্তায় দেখতে পেয়ে ২ ও ৩ নম্বর আসামি তৈয়ব ও গিয়াস উদ্দিন মীর তাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। তাদের কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে বেশি বাড়াবাড়ি করলে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন বাদী।

একই সঙ্গে বাদী ও তার পরিবারের ভাই-বোনদের মাদক মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দেওয়ার কথাও আবেদনে উল্লেখ করা হয়েছে।

নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়ে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেন মো. আলা উদ্দিন।

এর আগে, ২৩ সেপ্টেম্বর ফেসবুক লাইভে মহিলা দলকে ‘নষ্ট দল’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন চুমকি আক্তার। এ ঘটনায় তার বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দেয় জেলা মহিলা দল। একই লাইভে সাংবাদিকদের নিয়ে মানহানিকর বক্তব্য ও হুমকির অভিযোগে ফেনী মডেল থানায় পৃথক চারটি সাধারণ ডায়েরি করেন এক সম্পাদকসহ চার সাংবাদিক।

এরপর ২৫ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চুমকি আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেয় ফেনী জেলা ছাত্রদল। নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *